Tuesday, 12 February 2013

বিয়ের পরে প্রথম Valentine's Day

ফুলে ফুলে গন্ধে গন্ধে সুরে সুরে,
রঙে রসে পল্লবে, শাখায় শাখায়,
ফুটেছে প্রেমের মুকুল,
হিয়া মোর প্রিয়ার তরে ব্যাকুল ।
তার চোখের পাতায় পাতায়, দু ঠোঁটের পাপড়ি মাঝে, পেয়েছি মোর মনের ঠিকানা;
কত কথা আছে জমা,
বলা হয় নাই,
সযতনে রাখা আছে মনের চিলেকোঠায়,
তোমায় শোনাবো তাই ।
আজ হাতে হাত নয়নে নয়ন রেখে বলে যেতে চাই ,
মনের গভীরে, সময়ের নদীতীরে,
তুমি শুনে নিও তা, বুনে নিও স্মৃতির আঁচল,
চোখ যদি হয় সজল,
ঝরে পড়ে মতি,
আঁচল ভরে নিও তাতে,
গেঁথে নিও মালা, এঁকে নিও স্বপন আপন নয়ন পাতে  ।।

Thursday, 7 February 2013

বিয়ের রজত জয়ন্তী

পচিশ বছর আগে ধরেছিল যে মঞ্জরি, ভরেছিল শাখা,
আজ তারই সুবাসে হলো জীবন মধু-মাখা ।
পরিণয়ের প্রথম কলি যা উঠেছিলে গেয়ে, বেঁধেছিলে  গান,
সেই গানে গানে আজ ভরেছে গীতবিতান ।
সুখের যে স্বর্গ গড়েছ দুজনে মিলে,
তা আরও পূর্ণ , আরও প্রস্ফুটিত হোক অদূর ভবিষ্যতে ।
আগামী পচিশ বছরের জন্যে রইলো আন্তরিক শুভেচ্ছা ।।  

Monday, 4 February 2013

প্রসেনজিতদার গ্যারেজে ম্যারেজ

পথের ধারে গ্যারেজ, তারই মধ্যে ম্যারেজ ?
ধন্যি  তোমার কারেজ !
পাইকপাড়ার লাল্টু কুমার বাবু বাবু ইমেজ,
বসছে আজি করতে বিয়ে, নিয়ে  সুখের আমেজ ।
ভুরি ভোজন হচ্ছে তো ভাই, ভেজ থেকে নন-ভেজ ?
পোলাও মাংস লুচি তরকারী, সূপ আর সসেজ ?
দুই এ মিলে এক হয়ে কোরো ঘর-সংসার ম্যানেজ,
সুখ শান্তি আসুক ধেয়ে তোমাদের জীবনে,
মঙ্গলময়ের পুন্য পরশে মন হোক সতেজ ।।


 

Saturday, 26 January 2013

ঋষিরাজের বিয়ে

মিলন-ডোরে বাঁধা পরে দুটি মন,
মেলে চার হাত, চার নয়ন ।
শাঁখ ঊলু-ধ্বনি মাঝে পরিণয়ের মধুর রাগ বাজে,
দুটি জীবন আজ এক হয়ে সেজেছে নতুন সাজে । ।

শুভ বিবাহ ! ! !

নব দম্পতিকে সুখী বিবাহিত জীবনের শুভেচ্ছা জানাই !
  
--
কৃপা

Sunday, 13 January 2013

প্রসেনজিতদার বিয়ে

পরিণয়ের কলি গেয়ে উঠুক মনের শাখায় শাখায়,
নাচে ওই পরীর দল মেখে ফুলের রেনু পাখায় পাখায় ।
চির বসন্তের রং লাগুক নব-বধুর সিঁথিতে ;
মঙ্গলময় প্রদীপ শিখায় উজ্জল হোক গৃহকোণ;
বিবাহের পবিত্রতায় ভরে উঠুক দুই জীবন ।
নব দম্পতির জীবনে আসুক সুখ, শান্তি ও প্রাপ্তির পূর্ণতা ।।।

Tuesday, 1 January 2013

শুভ নববর্ষ 2013

আবার এলো নতুন বছর !
আবার কি তবে নতুন সুরে গলা সাধা?
নতুন আশায় বুক বাঁধা?
ধেত্তেরি !!!
যত্ত সব বুজরুগী, আহাম্মকি, ছেলে ভোলানো কথা!
নতুন তো খালি ক্যালেন্ডারটা !
আমরা তো সেই প্রাচীন,
বস্তা-পঁচা, অর্বাচীন!
খালি অন্যের ঘরে উঁকি ঝুঁকি দিন থেকে রাতি,
নিজের বেলায় "AALL IZZ WELL" -- একি মস্ত ফাঁকি !!       
ব্রেন এর ওই কারখানাটা -- যেখানে নাকি সিল্পো করো,
জানলা দরজা সবিই বন্ধ,
দেয়াল গুলোতে তো নোনা ধরে গেল ।
মনের ঘরে জমিয়ে রাখা বস্তায় রাশি রাশি,
leg-pulling চিমটি আর দেদার PNPC!
রাখির দিনে "ইক হাজারো মে মেরি বেহেনা হ্যায়",
আর পাড়ার চিকনী চামেলি দেখে ঠোঁঠ কামড়ানা ভি হ্যায় !

বলবেন, ছি ছি ছি !!! নতুন বছরে এ কি নোংরা ভাষা !
আজকালকার ছোঁড়াগুলোর রকম সর্বনাশা !!
আরে রাখুন তো মশাই ! বোঝেন তো সবিই, ভালো মানুষের ব্যাটা !
লুকিয়ে লুকিয়ে বুলু ফিলিম, কালচার এর হাঁড়ি-চাঁচা !
হেই সামাল হেই সামাল হেই, আপন পিঠ বাঁচা,
এবার খুললো বুঝি রং বাহারি বুদ্ধি-জীবির কাঁছা !

আরও নিচে নামছি না ভাই, ঘাঁটবো কত পাঁক?
আসুন, ঝাঁটা হাতে নেমে পরি করতে এসব সাফ !
হলে ঝাঁ চকচকে আমি আর ঝাঁ চকচকে তুমি,
তবেই হবে বছরখানি সত্যিকারের  দামী !!

আসুন নতুন বছরে সবাই নিজেদের বদলাই !

শুভ নববর্ষ ২০১৩ !!!

Sunday, 30 December 2012

শুভদৃষ্টি

লাজে নত নয়ন যুগল প্রিয়ের পানে চায়,
যেমন চায় সূর্যমুখী সূর্যের পানে হায় ।
শাঁখ উলুধ্বনি মাঝে সরে যায় পান,
যেন ভোরের কুয়াশা সরে গিয়ে হয় অরুনের দরশন;
সানাইয়ে মিলন রাগের মূর্ছনা দুই হৃদয়ে দোলা দিয়ে যায়,
যেন ঝুলনের আবেশে দোলে কৃষ্ণ, দোলে রাই ।
দ্যুলোক থেকে হয় পুষ্পবৃষ্টি,
হয় চার চক্ষুর মিলন, হয় শুভদৃষ্টি ! 

  

বিয়ের পথে

মাথায় টোপর,
চন্দন সাজে মুখমন্ডল,
পরনে ধুতি পাঞ্জাবি;
মুখে মধু মাখা মৃদু হাঁসি,
দ্যুতি ঝরা কলেবর,
অন্তরে ধরে প্রিয়ার মুখখানি
বিয়ের পথে বংশীধর !
সঙ্গে চলে বরযাত্রী, বাজনায়ালার দল
আর চলে  চলে নীত-বর!

পরিণয়

এই মধু রাতে
দুটি নদী মিশেছে আজ জীবনের মোহনাতে ।
তরী ভরে নিও কলি,
কন্টক সব করে নিও কন্ঠহার,
ভেসে যেও দুজনে অসীম সুখের পানে,
মিলনের  গানে গানে !

বাসর

মিলন বাসরে জেগে রয় দুটি মন;
আজ শুধু একই সুরে গান বাঁধা,
একই রাগে সুর সাধা,
আগামী দিনের মধুর হাতছানি,
রঙিন স্বপন দেখে দু নয়ন ।

হাতে হাত চোখে চোখ,
যেন নিঃশব্দে কথা বলে নীরবতা--
"তোমার সব চোখের জল আমি আপন করে নিলাম,
আমার সব টুকু সুখ তোমায় উজাড় করে দিলাম !
শুধু আমার হৃদয় খানি রেখো সযতনে, নিজের মনের কোণে |"

রজনীগন্ধার মাতাল আবেশে দোলে দুই প্রদীপ শিখা,
বয়ে যায়  মধু যামিনী,
ঝরে অবিরাম অমল জ্যোত্স্না ধারা,
ফোটে পারিজাত, ফোটে প্রণয়ের প্রথম কলি;
মিলন ছন্দে বাজে এসরাজ,
বাজে মধুবন্তী, বাজে ঈমন ।।। 

Friday, 23 November 2012

এ মন

 আজব জিনিস এ মন,
সময়ের পথে বদলে যায় তার সুখের কারণ !
শৈশবে খোঁজে মায়ের পরশ সোহাগ মাতৃস্তন,
যৌবনে চায় প্রেমিকার তপ্ত তনুকা, প্রেয়সীর নিবিড় চুম্বন !
কৈশোরে খালি অজানা বিস্ময়ে কম্পমান, অজানার পিছু ধাবমান;
মধ্য ভাগে পূর্ণ সংসার সুখের আস্বাদন।
অন্তিমে খোঁজে নিশ্সব্দ শান্তি, জীবনবোধের অমৃত্পান।

স্তরে স্তরে বদলায় সুখের স্বাদ,
ছেলেবেলার খেলনাবাটি
আজ যেন খোলাম কুচি
কালকের অবুঝ নবীন, আজকের বিত্তবান!     

জ্ঞানের সন্ধানে

হে প্রকান্ড মহাকাশ,
তুমি আমায় ধরা দাও,
আমার আছে যত ক্ষুদ্রতা সব তুমি নাও,
তোমার সব উদারতা উজাড় করে আমায় ভরিয়ে দাও ।

তোমার অসীমতায় আমি মিশে যেতে চাই,
ভুলে আপোনাকে
যেন হারিয়ে যাই লক্ষ লক্ষ আলোক বর্ষ  দূরে
যেখানে
তারারা চুপি চুপি কথা কয় ,
যেখানে
ব্রহ্মান্ডের নিশ্সব্দ লয়ে দোলে গ্রহাণু asteroid,
যেখানে
ব্ল্যাক হোলের গ্রাসে মুছে যায় শত শত আলোক কনিকা,
নক্ষত্রদের সারি সারি মৃতদেহ নিয়ে জেগে রয় প্রগাড় অন্ধকার !
যেখানে
নীহারিকার ময়ুখ শিখায় সাজে আলোর সাঁঝবাতি,
যেখানে
সুদুর ছায়াপথে চলে অতন্দ্র পরিব্রাজক !

সেখানে নিয়ে চল আমায় - মহাবিশ্বের বিশ্ববিদ্যালয়ে
যেখানে
হৃদয়খানি ধরব মেলে মহাজ্ঞানের মুক্তাঙ্গনে !!!



 

Saturday, 3 November 2012

শুভ জন্মদিন প্রসেনজিত দা : 2012

জীবনে কত সুন্দর বসন্ত দেখলে বন্ধু, আরও অনেক আছে বাকি,
ঝরা পাতায় মোড়া বিথিকায় পড়ে আছে তোমার পদচিহ্ন, ফিরে যেতে সাধ হয় নাকি ?

ফেলে দেওয়া সিগারেট এর  মুখে এখনো আগুন বেঁচে আছে,
আগামী কালের শাখায় শাখায় ফাগুন বেঁচে আছে ।
দু হাথে কুড়িয়ে নিয়ে হারানো স্বপন,
দেখো আগামী ভোরের সূর্যোদয় ।
আবার নতুন করে বেঁচে থাকার আনন্দে,
সুখের ঠিকানায় ছুটে যেও বার বার,
জীবন হোক প্রেমময় !

শুভ জন্মদিন !!!